গাজীপুরের কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) মোঃ শামীম আকতারের বিরুদ্ধে এক ব্যবসায়ীকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিতে গেলেও তা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেছেন তিনি। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার দিবাগত রাতে উপজেলার রাখালিয়া চালা এলাকায় স্থানীয় ব্যবসায়ী মোঃ শরিফুল ইসলামকে তার নিজ দোকান থেকে বের করে এনে এলোপাতাড়িভাবে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
ভুক্তভোগী মোঃ শরিফুল ইসলাম অভিযোগ করে বলেন,“রাতে কোনো কারণ ছাড়াই আমাকে দোকান থেকে বের করে মারধর করা হয়। পরে আমি আইনের আশ্রয় নিতে কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দিতে গেলে পুলিশ আমার অভিযোগ গ্রহণ করেনি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
এ বিষয়ে জানতে চাইলে মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) মোঃ শামীম আকতার অভিযোগ অস্বীকার করে গণমাধ্যমকে বলেন,“আপনি আসেন, সামনাসামনি বসে কথা বলি।ঘটনার বিষয়ে গাজীপুর জেলা পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দিন বলেন,“এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এদিকে স্থানীয় সচেতন মহল বলছে,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ জনমনে উদ্বেগ সৃষ্টি করছে। অভিযোগ গ্রহণ না করার বিষয়টি সত্য হলে তা আইনের শাসনের পরিপন্থী বলেও মনে করছেন তারা।ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।